ইসরায়েলি হামলার প্রতিবাদ: বিএনপির নেতা কর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন


ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত  নৃশংসতার প্রতিবাদ ও  নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে  র‍্যালির জন্য জড়ো হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।

র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। তাঁদের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড । তাঁরা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’-সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

দলটির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

নয়াপল্টনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে র‍্যালি শেষ করতে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post